Logo
প্রিন্টের তারিখ: 30 September 2026 | প্রকাশের তারিখ: Sep 30, 2026

সংবাদ শিরোনাম : *সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের**

*সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের**

 
মো: আল-মাহফুজ শাওন 

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত সাবেক দুই প্রতিমন্ত্রী, কয়েকজন সাবেক সংসদ সদস্য ও তাদের স্বজনদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন। রোববার (১০ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক সাতটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
 
আদালতের আদেশে যাদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর এবং সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
 
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
 
আবেদনে আরও বলা হয়, মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের সকল আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট নথি জব্দের আদেশ দেন।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF