এম, এ, শুকুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
০৩ নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের পরমেশ্বরীপুর গ্রামে জনগণের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহাব উদ্দিন শিহাব।
বক্তব্যে শাহাব উদ্দিন শিহাব এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ডের ইউপি, সদস্য আব্দুর রাজ্জাক ভুট্টু, ৯ নং ওয়ার্ডের ইউপি,সদস্য কাছম আলী এবং বিএনপি নেতা আবু তালেব। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন।
আলোচনায় বক্তারা দোয়ারাবাজার সদর ইউনিয়নের পরমেশ্বরীপুর গ্রামের উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন শিহাবের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
সর্বশেষে স্থানীয় জনগণের কল্যাণ, এলাকার উন্নয়ন ও সামাজিক শান্তি-সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।