Logo
প্রিন্টের তারিখ: 30 September 2026 | প্রকাশের তারিখ: Sep 30, 2026

সংবাদ শিরোনাম : ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক

ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস ফ্লাইওভারে ওঠার সময় বিপাকে পড়েন নারী চালক। পরে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলতে সহায়তায় এগিয়ে আসেন এক পুরুষ চালক।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফ্লাইওভারে ওঠার সময় কিছুটা বিড়ম্বনায় পড়েন ‘পিংক বাস’-এর চালক ফাহিমা সানজান। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে দেন। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা দেয়।

পরিস্থিতি আরও জটিল হওয়া কিংবা যানজট সৃষ্টি এড়াতে পরে এক পুরুষ চালকের সহায়তা নেওয়া হয়। তিনি বাসটির চালকের আসনে বসে সেটি নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন। এতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনাটি ঘিরে সাময়িক সময়ের জন্য এলাকায় কৌতূহলের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা বা বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালনায় মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে চালু করা হয় ‘পিংক বাস’ সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে।

তবে চালুর পরদিনই যাত্রীসংকটে পড়েছে ‘পিংক বাস’। রাজধানীতে গন্তব্যের পথে বের হওয়া অনেক নারী এখনো বাসটির রুট সম্পর্কে জানেন না বলে দেখা গেছে।

বুধবার মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী দোতলা গোলাপি রঙের বাসটিতে যাত্রী ছিলেন হাতে গোনা কয়েকজন। বাসটির ওপরের তলা ছিল পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী।

মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে ছিলেন ওই দুজন যাত্রী। পরে সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন। যাত্রী কম থাকায় বাসটি কয়েকটি নির্ধারিত পয়েন্টে না থেমেই চলে যায়।

একই চিত্র দেখা গেছে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি ‘পিংক বাসে’ও। শাহবাগ মোড়ে বাসটির দেখা মেলে। সেখানে উঠে দেখা যায়, বাসে চার থেকে ছয়জনের মতো নারী যাত্রী রয়েছেন।

নারীদের জন্য বিশেষায়িত এই বাসসেবা চালুর পর যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হলেও রুট সম্পর্কে পর্যাপ্ত প্রচার না থাকায় শুরুতেই যাত্রীসংকট দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF