লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় এক বিএসএফ সদস্য অস্ত্র ফেলে ভারতের দিকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সীমান্ত এলাকায় কৃষকদের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় এক বাংলাদেশি কৃষক বিএসএফ সদস্যের অস্ত্র ধরে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।
পরিস্থিতি সামাল দিতে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সময় অস্ত্র ও একটি ওয়াকিটকি ফেলে যান বলে জানা গেছে। পরে স্থানীয়রা সেগুলো বিজিবির কাছে হস্তান্তর করেন।
ঘটনার পর সীমান্তে উত্তেজনা দেখা দিলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং পরে উদ্ধার হওয়া অস্ত্র ও ওয়াকিটকি বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।