Logo
প্রিন্টের তারিখ: 29 September 2026 | প্রকাশের তারিখ: Sep 29, 2026

সংবাদ শিরোনাম : ভেদরগঞ্জে সাবেক মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, নেপথ্যে ভুয়া পিটিশন

ভেদরগঞ্জে সাবেক মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, নেপথ্যে ভুয়া পিটিশন


​শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৬ নং ছয়গাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পাপড়াইল গ্রামে এক সাবেক মেম্বারের বিরুদ্ধে আইনি জালিয়াতি ও ভুয়া পিটিশন ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইসমাইল পালোয়ান এলাকার প্রভাবশালী ও সমাজসেবকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমিজমা হাতিয়ে নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

​অনুসন্ধানে দেখা যায়, রাজনৈতিক ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে ইসমাইল পালোয়ান নিজে আড়ালে থেকে প্রান্তিক মানুষদের প্রলোভন দেখিয়ে ব্যবহার করেন। সম্প্রতি পলাতক আসামি আয়নাল সরদার ও তার স্ত্রী আফরোজা বেগমকে ব্যবহার করে একটি ভুয়া মিস-পিটিশন দায়েরের অভিযোগ ওঠে। স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড অফিসে বানোয়াট তথ্য পেশ করে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়।

​তবে সরাসরি অনুসন্ধানে নেমে সরেজমিনে আফরোজা বেগমের মুখোমুখি হলে থলের বিড়াল বেরিয়ে পড়ে। সই করা পিটিশনের বিষয়ে প্রশ্ন করা হলে আফরোজা বেগম অকপটে জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং তার ভাই সাবেক মেম্বার ইসমাইল পালোয়ানই সব বিষয় বলতে পারবেন। এ থেকে পরিষ্কার হয় যে, সাধারণ মানুষদের কেবল দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

​অভিযোগের বিষয়ে জানতে মূল অভিযুক্ত ইসমাইল পালোয়ানকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে আফরোজা বেগমের বক্তব্যের কথা শুনতেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে বারবার চেষ্টা করা হলেও তাকে আর পাওয়া যায়নি।
​এদিকে সামনে মেম্বার নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় তার ক্যাডার ও লাঠিয়াল বাহিনীর তাণ্ডব বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর আশঙ্কা, এই অপতৎপরতা বন্ধ না হলে সাধারণ মানুষের ভিটেমাটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

​(চলবে... আগামী পর্বে পড়ুন: নেপথ্যের লাঠিয়াল বাহিনী ও নির্যাতনের কায়দায় জমি দখলের নীল নকশা)
দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF