Logo
প্রিন্টের তারিখ: 29 September 2026 | প্রকাশের তারিখ: Sep 29, 2026

সংবাদ শিরোনাম : ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক জাগ্রত সময়

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পৌরসভা। একই সঙ্গে রোগটি প্রতিরোধে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে র‌্যালি, মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে পৌরসভার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সকালে সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে নাগরিকদের নিয়মিত নজর দিতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সবাই সচেতন হলে মশাবাহিত রোগের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

পৌরসভার কর্মকর্তারা জানান, অভিযানের সময় বিভিন্ন ওয়ার্ডে মশার ওষুধ ছিটানোর পাশাপাশি জমে থাকা পানি অপসারণ করা হয়েছে। একই সঙ্গে ময়লা-আবর্জনা পরিষ্কার এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

নাগরিকদের সচেতন করতে পৌর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কেও স্থানীয় বাসিন্দাদের অবহিত করা হয়।

কর্মসূচিতে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুর ইসলাম, শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবিব, পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক ও সম্পাদক আব্দুল আজিজ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলমান থাকবে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন এলাকায় অতিরিক্ত পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হবে।

পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে নাগরিকদের বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশের স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF