মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক জাগ্রত সময় (সারা বাংলাদেশ)
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। দুই অভিযানে জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।
বিজিবি জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে শাহাবাজপুর কলেজের সামনে একটি নম্বরবিহীন মালিকবিহীন ভারতীয় ট্রাকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকে পরিবহন করা পাথরের ভেতরে লুকিয়ে রাখা ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। ট্রাকসহ জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
অন্যদিকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় অভিযান চালায় খড়কপুর বিওপির একটি বিশেষ টহলদল। সীমান্ত পিলার ২০১/৮৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ইজিবাইকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ অভিযানে জব্দ করা মালামাল ও ইজিবাইকের আনুমানিক মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।
বিজিবির হিসাবে, দুই অভিযানে জব্দ করা চোরাচালান পণ্য ও যানবাহনের মোট আনুমানিক মূল্য ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের স্বার্থে চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দ করা পণ্য ও যানবাহনের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে