মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযানে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মো. মশিউর রহমান (২৮) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর আনুমানিক মোট মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সোনামসজিদ বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে বলে বিজিবি জানিয়েছে।
সংশ্লিষ্ট বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৩০ মিনিটে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামের পাকা রাস্তায় তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি মোটরসাইকেলের আরোহী বিজিবি টহলদলকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিজিবির বিবরণ অনুযায়ী, তাকে থামানোর জন্য শটগান দিয়ে দুই রাউন্ড ফাঁকা ফায়ার করা হয়। পরে মোটরসাইকেল থামিয়ে ওই ব্যক্তি দাঁড়িয়ে পড়লে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় আটক যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সব মিলিয়ে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ ও মোটরসাইকেল দুটির সিজারমূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
আটক মো. মশিউর রহমান ভোলাহাট উপজেলার তিলকী (সুরানপুর) গ্রামের বাসিন্দা জেম আলীর ছেলে। তার বয়স ২৮ বছর।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অস্ত্র-গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে।
সূত্র: মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।