Logo
প্রিন্টের তারিখ: 29 September 2026 | প্রকাশের তারিখ: Sep 29, 2026

সংবাদ শিরোনাম : সেনবাগে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগে ওসি প্রত্যাহার

সেনবাগে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগে ওসি প্রত্যাহার


নোয়াখালী প্রতিনিধি | দৈনিক জাগ্রত সময়

নোয়াখালীর সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল এবং দলটির এক নেতার বাড়িতে আয়োজিত দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগের মধ্যে শনিবার রাতে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) ওসি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পাশাপাশি বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসি আবদুর রহিম সরকারের উপস্থিতির অভিযোগও আলোচনায় আসে।

ঘটনার পর শনিবার রাতে আবদুর রহিম সরকারকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন।

হযরত আলী মিলন বলেন, শনিবার রাতে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হলে তিনি থানা ত্যাগ করেন। তবে প্রত্যাহারের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না।

এদিকে বটতলা বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে দায়ের করা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন হযরত আলী মিলন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে অংশ নেওয়া এবং নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF