মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদর ও পৌর শাখা। কর্মসূচিতে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার ও পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান (অনু) সংক্ষিপ্ত বক্তব্য দেন।
কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও মশার প্রজনন উপযোগী স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে ব্লিচিং পাউডার ছিটানো এবং মশকনিধন স্প্রে প্রয়োগ করা হয়। এডিস মশার বংশবিস্তার ঠেকাতে জমে থাকা পানি সরিয়ে ফেলা ও সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
আয়োজকেরা বাসাবাড়ি, সড়ক ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মসূচিতে জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক মুজিবুর রহমান মজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, নাচোল উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রানা, শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর আলী এবং পৌর যুবদলের সদস্য মারুফ হোসেন শিমুলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক কার্যক্রমের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বাড়ির আশপাশে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের জন্য নাগরিকদের প্রতি অনুরোধ করেন।