Logo
প্রিন্টের তারিখ: 30 September 2026 | প্রকাশের তারিখ: Sep 30, 2026

সংবাদ শিরোনাম : শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ফেন্সিডিল ও চোরাই মোটরসাইকেল জব্দ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ফেন্সিডিল ও চোরাই মোটরসাইকেল জব্দ


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রোববার (২০ সেপ্টেম্বর) পৃথক দুটি বিশেষ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবির দাবি, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চকপাড়া ও আজমতপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।

প্রথমে সকাল ৬টা ৫০ মিনিটে চকপাড়া বিওপির বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে পরিচালিত অভিযানের সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এরপর সকাল ৮টা ৫০ মিনিটে আজমতপুর বিওপির বিশেষ টহল দল একই ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালানো এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সূত্র: মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF