মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতের এ অভিযানে তাকে আটক করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মো. রুবেল হক (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আটক রুবেল হক শিবগঞ্জ উপজেলার উনিশবিঘা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তার ডাকঘর মোল্লাটোলা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, মাদকের বিস্তার রোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।