Logo
প্রিন্টের তারিখ: 29 September 2026 | প্রকাশের তারিখ: Sep 29, 2026

সংবাদ শিরোনাম : সোনার মোড় থেকে মাছপাড়া: ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান

সোনার মোড় থেকে মাছপাড়া: ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিশেষ অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সোনার মোড়, মাছপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় পৌরসভার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

পৌরসভার ‘টিম-০৮’-এর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ফগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে ড্রেন, ঝোপঝাড় এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, স্থানীয় যুবসমাজ ও স্কাউটসের সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানে পৌরসভার কর নির্ধারক মোতালেব/মো. এনামুল হক নেতৃত্ব দেন। এ সময় স্বাস্থ্য শাখার আতাউর রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কেও সচেতন করা হয়। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা বলেন, এডিস মশার বংশবিস্তার ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করা জরুরি।

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা তৈরির উদ্যোগও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF