মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিএনসি জানায়, সকাল ৮টা থেকে প্রায় ৫০ মিনিট ধরে অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম মো. ইফতে সোহা তমাল (৩২)। তিনি নামো মুশরীভূজা গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নামো মুশরীভূজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
সূত্র: চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।