Logo
প্রিন্টের তারিখ: 30 September 2026 | প্রকাশের তারিখ: Sep 30, 2026

সংবাদ শিরোনাম : নামোরাজারপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান

নামোরাজারপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজারপুর এলাকায় বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের আওতায় এ অভিযান অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা নিশ্চিত ও নাগরিক সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে আটটি পৃথক টিম কাজ করছে। এ কর্মসূচির অংশ হিসেবে ৮ নম্বর টিম ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজারপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।

৮ নম্বর টিমের নেতৃত্বে ছিলেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা এবং পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন।

অভিযানে স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যদের পাশাপাশি পৌরসভার কর্মচারী কিরণ, শরীফ, শাহীন, কাদির, আলী হোসেন, গোলাম মোস্তফা ও জেসকেলসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

কর্মকর্তারা জানান, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে দীর্ঘ সময় পানি জমে থাকে—এমন স্থানগুলো পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল কমিয়ে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য পৌরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF