মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্তঘেঁষা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে গিলাবাড়ী বিওপির বিশেষ টহল দল ইমাননগর বাজার এলাকায় অভিযান চালায়। হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত দলটি সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার অভ্যন্তরে ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—ভোলাহাট থানার রাধানগর এলাকার বজরারটেক ডাকঘরের মো. কালাম (৩২) এবং মো. সালাউদ্দিন (২৮)। বিজিবি সূত্রে জানা যায়, তারা দুজনই মৃত সাইদুর রহমানের ছেলে।
পরে তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
৫৯ বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, মাদকের ভয়াবহতা থেকে দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। একই সঙ্গে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে।