মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে বিদেশি মদ, কোডিনযুক্ত সিরাপ ও সন্দেহভাজন দানাদার পদার্থসহ মো. আব্দুল জলিল (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুথুনীপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ডিবি পুলিশের কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল আব্দুল জলিলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদ ও তার দেখানো স্থান থেকে চার বোতল ‘ROYAL STAG’ বিদেশি মদ, ৬০ বোতল কোডিনযুক্ত ‘CHOCO+ Syrup’ এবং পলিথিনবিহীন প্রায় দুই কেজি দানাদার পদার্থ উদ্ধার করা হয়। পুলিশ পদার্থটিকে ‘কথিত গান পাউডার’ হিসেবে উল্লেখ করেছে।
এ ছাড়া অভিযানস্থল থেকে লাল-কালো রঙের ১১০ সিসি একটি রেজিস্ট্রেশনবিহীন বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল জলিল চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাট কুথুনীপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে পুলিশ।