Logo
প্রিন্টের তারিখ: 29 September 2026 | প্রকাশের তারিখ: Sep 29, 2026

সংবাদ শিরোনাম : অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে

অপহরণের পর অস্ত্রের ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে আটকে রাখা, নির্যাতন এবং অস্ত্রের মুখে তিন কাঠা জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিতর্কিত দলিল বাতিলের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. মিনহাজ উদ্দিন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।

মিনহাজ উদ্দিন জানান, শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলীর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম আরবান ক্লিনিকের পাশে মেসার্স আজম অটোর দোকানের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নেওয়া হয়।

তার দাবি, অপহরণের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নয়াগোলা এলাকায় রাসেল আলীর বাড়ির দ্বিতীয় তলায় একটি গোপন স্থানে আটকে রাখা হয়। সেখানে শারীরিক নির্যাতনের পাশাপাশি পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

মিনহাজ উদ্দিনের ভাষ্য অনুযায়ী, পরে তাকে জোরপূর্বক শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার মালিকানাধীন তিন কাঠা জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর বিষয়টি প্রকাশ করলে তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, জোরপূর্বক সম্পাদিত ৮০৪৯ নম্বর দলিল বাতিল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য রাসেল আলী কিংবা অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ফলে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF