মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
সীমান্ত এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শুরু হয়েছে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’।
রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয় ৩০ সেপ্টেম্বর। ভোলাহাট উপজেলার আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় স্থাপিত সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২৫ জন বেকার যুবক অংশ নিয়েছেন। প্রশিক্ষণ চলাকালে তাদের বাসাবাড়ি ও বহুতল ভবনে বৈদ্যুতিক সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি শনাক্ত ও সমাধান, নিরাপদে বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকার তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি কর্মসংস্থান ও দক্ষতার সুযোগ বাড়িয়ে তরুণদের চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার বিষয়টিও উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য।
প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিভাগের দুইজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের নিয়মিত তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস পরিচালনা করবেন।
প্রশিক্ষণ উদ্বোধন উপলক্ষে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকার মানুষের কল্যাণ এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে বিজিবির পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালু থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও বিজিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।