মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মিরটুলী গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. আনারুল হক (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে মিরটুলী গ্রামে আনারুল হকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় আনারুল হককে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আনারুল হক ওই গ্রামের আফসার আলীর ছেলে।
সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় মিরটুলী গ্রামে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে কোনো এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচা বা সরবরাহের তথ্য জানা থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী কার্যক্রম সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।