Logo
প্রিন্টের তারিখ: 01 October 2026 | প্রকাশের তারিখ: Oct 1, 2026

সংবাদ শিরোনাম : ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ডেঙ্গু ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গুর বিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শান্তিমোড় থেকে রামকৃষ্ণপুর গ্রামের বিভিন্ন এলাকায় পৌরসভার টিম-৮ এ কার্যক্রম পরিচালনা করে।

অভিযানে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধনের পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকার গাছগাছালি পরিষ্কার ও ছাঁটাই করা হয়। এ ছাড়া এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে বিভিন্ন স্থানে কীটনাশক প্রয়োগ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করতে এ সময় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশে পানি জমে থাকা স্থান দ্রুত পরিষ্কার করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে স্থানীয়দের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক। এ সময় পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোহাঃ নওরোজ হুদা, রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যসহ পৌরসভার কর্মীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকায় গঠিত আটটি টিম বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। ৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি অন্যান্য ওয়ার্ডেও একই ধরনের অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টব কিংবা অন্য কোনো খোলা পাত্রে পানি জমতে না দেওয়ার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তাদের মতে, সম্মিলিত উদ্যোগে এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF