Logo
প্রিন্টের তারিখ: 02 October 2026 | প্রকাশের তারিখ: Oct 2, 2026

সংবাদ শিরোনাম : আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি

আদাবরে আবাসিক এলাকায় অনৈতিক বাণিজ্য ও মাদকের আসর: তোলপাড়, আইনগত ব্যবস্থার দাবি

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর আদাবর ১৪ নম্বর রোডের 'এনকে ড্রিম' আবাসিক এলাকার অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের আখড়ায় পরিণত করার অভিযোগ উঠেছে আলমগীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকাটিতে নারী নির্যাতন, অনৈতিক ব্যবসা ও মাদক সেবনের মতো অপরাধ চালিয়ে যাওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।

​অভিযোগ অনুযায়ী, ৬৬০ নম্বর ভবনের দ্বিতীয় তলার একটি নির্দিষ্ট ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে অসামাজিক কাজে বাধ্য করা হচ্ছে। এলাকাবাসী জানান, প্রতিদিন অপরিচিত মানুষের আনাগোনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ বাসিন্দারা। অনুসন্ধানে ওই ফ্ল্যাটে মাদক সেবনের নানা সরঞ্জাম ও মদের বোতল পাওয়ার দাবি করা হয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি তদন্তের দাবি রাখে।

​অভিযুক্ত আলমগীর বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে চলার দম্ভোক্তি করলেও পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে সত্য প্রকাশ পাবে বলে মনে করছেন সচেতন মহল। ফ্ল্যাটটির ভবন কর্তৃপক্ষ ও কেয়ারটেকার এতদিন বিষয়টি জেনেও কেন নীরব ছিলেন, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

​আবাসিক এলাকার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এনকে ড্রিম এলাকার বাসিন্দারা। এ বিষয়ে আদাবর থানার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF