স্পোর্টস ডেস্ক:
বিশ্ব ক্রিকেট দেখলো এক অলৌকিক তাণ্ডব! ভেঙে চুরমার হয়ে গেল টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের সেই ঐতিহাসিক রেকর্ড। ক্যারিবীয় দানবের ১৩ বছরের আধিপত্য চূর্ণ করে টি-টোয়েন্টি সংস্করণে সর্বকালের সর্বোচ্চ রানের নতুন রাজা এখন দক্ষিণ আফ্রিকার মাত্র ২০ বছর বয়সী তরুণ লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।
শুক্রবার ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে যা ঘটলো, তা রূপকথাকেও হার মানায়। টাইটান্সের জার্সি গায়ে নাইটসের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান তোলেন এই বাঁহাতি ব্যাটার। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১৩টি ছক্কা! স্ট্রাইক রেট ছিল চোখ কপালে তোলার মতো— ২৩৭.৯৭। মাত্র ১২ রানের আফসোসে প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দ্বিশতক ছোঁয়া হয়নি তার, তবে ততক্ষণে ইতিহাস লেখা শেষ।
২০১৩ আইপিএলে পুনের বিপক্ষে গেইলের অপরাজিত ১৭৫ রান এতদিন ছিল অধরা এক চূড়া। দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড পেছনে ফেলে নতুন রাজত্ব কায়েম করলেন প্রিটোরিয়াস।
ম্যাচের শুরু থেকেই ছিল প্রিটোরিয়াস-ঝড়। ২৪ বলে ফিফটি, ৪০ বলে সেঞ্চুরি আর ৫৮ বলে ১৫০! এরপর অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের সঙ্গে এক ইনিংসে সর্বোচ্চ ৭৯ বল খেলার রেকর্ডেও ভাগ বসান তিনি। তার এই বিস্ফোরক ব্যাটিংয়ে টাইটান্স তুলে নেয় ৩ উইকেটে ২৬৭ রানের পাহাড়, যা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। পাশাপাশি ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২ রান পেছনে ফেলে টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের নামে লেখান তিনি।
২০২৬-২৭ মৌসুমে নেমেই এই কীর্তি গড়া প্রিটোরিয়াস ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ২২টি ম্যাচ খেলেছেন। আর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯১ ম্যাচে ১৫০.৪৪ স্ট্রাইক রেটে জানান দিচ্ছেন, তিনি থামতে আসেননি। প্রিটোরিয়াসের এই তাণ্ডবে ক্রিকেটবিশ্ব এখন নতুন এক গেইলকে খুঁজে পাওয়ার অপেক্ষায়!