Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ফেনীতে মহাসড়কে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্যের মর্মান্তিক মৃত্যু

ফেনীতে মহাসড়কে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্যের মর্মান্তিক মৃত্যু


​ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭-এর ডিএডি (ওয়ারেন্ট অফিসার) মোহাম্মদ আলমগীর (৪৬) নিহত হয়েছেন। শনিবার রাতে চট্টগ্রামমুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মনাটিয়া গ্রামের মৃত নুরুদ্দীন আহমেদের ছেলে।

​ঘটনার বিবরণ তুলে ধরে মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে এসআরবি-৭-এর দল নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। একটি কাভার্ডভ্যানকে থামানোর পর পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সিগন্যাল অমান্য করে সেটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে পলায়নের চেষ্টা করলে সড়কের পাশে থাকা ওয়ারেন্ট অফিসার আলমগীর ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে চালক মো. সজিবও আহত হন। সহকর্মীরা দুজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

​মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নোমান জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। চালক সজিব বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এসআরবি-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান জানান, চট্টগ্রাম হেড অফিসে নিহতের জানাজা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF