আদালত ও অপরাধ প্রতিবেদক, দৈনিক জাগ্রত সময়:
রাজধানীর খিলক্ষেত এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহিনুর আলম মারফতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
রোববার (৪ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনুর আলম মারফতের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি পুলিশের তালিকাভুক্ত একজন আসামি। তিনি খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন পদে থাকার পাশাপাশি এর আগে স্থানীয় কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে তিনি খিলক্ষেত এলাকায় চাঁদাবাজির সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
খিলক্ষেত থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, র্যাব-১ আসামি মারফতকে থানায় পৌঁছে দেওয়ার পর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হবে।