Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : সখীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ কৃষক দল নেতাসহ ৩ মাদক কারবারি আটক

সখীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ কৃষক দল নেতাসহ ৩ মাদক কারবারি আটক


​সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, দৈনিক জাগ্রত সময়:

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি বিপুল পরিমাণ গাঁজাসহ বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়াসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।

​রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটক অন্য দুই আসামি হলেন— আশরাফুল আলম (৩৯) ও রাজু ইসলাম।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ সিপিসি-৩-এর একটি চৌকস দল বেতুয়া এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান ও স্কট হিসেবে থাকা মোটরসাইকেল আটকে তল্লাশি চালালে কাভার্ডভ্যানের ভেতর বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক বহনে ব্যবহৃত যানবাহন, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​এসআরবি জানায়, গ্রেফতারকৃতরা সিন্ডিকেট বানিয়ে দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF