স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা সর্মি শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন—এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানের তথ্যানুসারে, গ্রেফতারকৃত শারমিন সুলতানা সর্মি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং ২০১৭-২০২২ মেয়াদে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লালবাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।