Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক লাগিয়েছি’: হবিগঞ্জে চুনারুঘাট থানার এএসআই ইলিয়াসের বক্তব্য ভাইরাল, চরম ক্ষোভ

‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক লাগিয়েছি’: হবিগঞ্জে চুনারুঘাট থানার এএসআই ইলিয়াসের বক্তব্য ভাইরাল, চরম ক্ষোভ


​চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ দাবি ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে। একটি মামলার তদন্তে গিয়ে সাধারণ মানুষের সামনে খোলামেলাভাবে ঘুষ নেওয়ার পক্ষে সাফাই গান তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। তদন্তস্থলে উপস্থিত লোকজনের সামনে তিনি ঘুষ লেনদেন নিয়ে অসংলগ্ন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে এএসআই ইলিয়াসকে বলতে শোনা যায়, “আমি যদি বলি পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।”

​স্থানীয়দের অভিযোগ, শুধু এই বক্তব্যই নয়—এএসআই ইলিয়াসের বিরুদ্ধে মামলা তদন্তের নামে অর্থ দাবি করা, টাকা না দিলে কাজ আটকে রাখা এবং ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন অনৈতিক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাকে দ্রুত প্রত্যাহারসহ বিভাগীয় ও আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।

​যোগাযোগ করা হলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ভিডিওটি পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF