Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ১৬ কোটি টাকার সড়কবাতি হাওয়া: অন্ধকারে আচ্ছন্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাড়ছে অপরাধ ও দুর্ঘটনা

১৬ কোটি টাকার সড়কবাতি হাওয়া: অন্ধকারে আচ্ছন্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাড়ছে অপরাধ ও দুর্ঘটনা


​নিজস্ব প্রতিবেদক

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) দিয়ে রাতে চলাচলে প্রতিনিয়ত তাড়া করছে আতঙ্ক। যাত্রীদের নিরাপত্তা ও সড়ক সুশোভিত করতে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে স্থাপিত আধুনিক সড়কবাতির সিংহভাগই চুরি ও অকেজো হয়ে পড়ে থাকায় বিস্তীর্ণ এলাকা এখন ঘোর অন্ধকারে নিমজ্জিত। সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত সড়কের অধিকাংশ ল্যাম্পপোস্ট বাতিহীন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও লিংক রোডের সড়কবাতির তার চুরির ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। তবে চোরচক্র দমনে কার্যকর পদক্ষেপে ব্যর্থ হওয়ায় এবার সড়কবাতির বাল্ব ও যন্ত্রাংশ চুরির মহোৎসব শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি দপ্তরের সামনের সড়কবাতিও এখন নিষ্ক্রিয়।

​রাতের অন্ধকারে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড রূপ নিয়েছে অপরাধীদের অভয়ারণ্যে। অন্ধকারকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে প্রায়ই ঘটছে ছিনতাই, ডাকাতি ও মারাত্মক সড়ক দুর্ঘটনা:

  • ​১৫ আগস্ট: জালকুড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন ফ্লাইওভারের মূল লেনে রাতের আঁধারে সড়ক দুর্ঘটনায় নিহত হন অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি।
  • ​২৫ জুলাই: স্টেডিয়ামসংলগ্ন এলাকায় পথচারী আবুল হোসেন (৫৫) ট্রাকচাপায় প্রাণ হারান।
  • ​৩০ জুন: কড়ইতলা এলাকায় ব্যবসায়ী শাহ জামাল খানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নেয় বাইকআরোহী ছিনতাইকারীরা।
  • ​৮ মার্চ: ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে এক তরুণ (২৬) নিহত হয়।

​নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এক ভিডিও বার্তায় সড়কবাতি চুরির কারণে মহাসড়কের এই করুণ ও বিপজ্জনক অবস্থার চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন। বিপুল টাকা ব্যয়ের পরও উপযুক্ত তদারকি ও সুরক্ষার অভাবে প্রকল্পটির সুফল না পাওয়ায় রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করছেন পথচারী ও চালকেরা।

​এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সম্প্রতি সড়কবাতির তার ও বাতি চুরির প্রবণতা বেড়েছে। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ পুরো সড়কটিতে বাজেট স্বল্পতার কারণে একযোগে সিসি ক্যামেরা বসানো কঠিন। তবে অতি-ঝুঁকিপূর্ণ চোরপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করছি দ্রুতই এর সমাধান মিলবে।”

​ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডকে নিরাপদ করতে অনতিবিলম্বে চুরি হওয়া তার ও বাতি পুনঃস্থাপন করা, চোরচক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং নিয়মিত পুলিশি টহল ও সিসি ক্যামেরা তদারকির জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF