Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ২০২৮ সাল থেকে স্কুলে নাচ, গান ও কেরাত শেখার সুযোগ: প্রধানমন্ত্রী

২০২৮ সাল থেকে স্কুলে নাচ, গান ও কেরাত শেখার সুযোগ: প্রধানমন্ত্রী


​বিশেষ প্রতিনিধি: আগামী ২০২৮ সাল থেকে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

​অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের লেখাপড়ার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমাদের জেনারেশন পুরোপুরি মানবিক হতে না পারলেও আগামী প্রজন্মকে মানবিক হতে হবে। শুধু মানুষের প্রতি দয়া নয়, প্রকৃতির প্রতিও সদয় হতে হবে।” অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তাদের মধ্যে সঠিক বোধশক্তি তৈরি হয় এবং তারা প্রাণী ও পরিবেশের প্রতি যত্নশীল হয়ে ওঠে।

​শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের তাগিদ দিয়ে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “অনেকের অনেক ধরনের প্রতিভা আছে, তা তোমরা বিকশিত করো। কেউ গান গাইতে চাইলে গান গাও, বাঁশি বাজাতে পারলে বাঁশি বাজাও। আমি গিটার বাজানো শুরু করলেও শেষ করতে পারিনি; তবে আমি চাই তোমরা তোমাদের ইচ্ছা পূরণ করো—যার যেটা ভালো লাগে।”

​তিনি জোর দিয়ে বলেন, শিশুরা সঠিকভাবে বিকশিত হলেই দেশের ভিত্তি মজবুত হবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

​ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, প্রথমবারের মতো দেশে ২২ লাখ ছেলে-মেয়ে ফুটবল খেলায় অংশ নিয়েছে, যেখান থেকে ভবিষ্যতে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। সংস্কৃতির পাশাপাশি খেলাধুলাতেও শিশুদের ধারাবাহিকভাবে উৎসাহিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

​বক্তব্যের শেষভাগে প্রকৃতি ও জীববৈচিত্র্য সুরক্ষায় শিশুদের ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বাড়ি, স্কুল ও আশপাশের গাছের যত্ন নেওয়া এবং পশুপাখির প্রতি মানবিক আচরণের পরামর্শ দেন। প্রকৃতি ও প্রাণীর প্রতি এই দায়িত্বশীল আচরণই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে মূল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF