Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা: ঈশ্বরগঞ্জে ৯৮ হাজার টাকাসহ নারী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা: ঈশ্বরগঞ্জে ৯৮ হাজার টাকাসহ নারী আটক


​ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি ফ্যামিলি কার্ড বানিয়ে দেওয়ার নামে ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নার্গিস আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের নাম ভাঙিয়ে প্রতারণা করার পর মঙ্গলবার কৌশলে ফাঁদ পেতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

​ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, আঠারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান আলমগীর এবং ৭ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানের প্রভাব খাটিয়ে ফ্যামিলি কার্ড করিয়ে দেওয়ার কথা বলে রাবেয়া খাতুনসহ ছয়জনের সঙ্গে চুক্তি করেন নার্গিস। চুক্তির প্রেক্ষিতে রাবেয়া খাতুন ১৮ হাজার টাকা এবং অপর পাঁচজন ১৬ হাজার টাকা করে মোট ৯৮ হাজার টাকা নার্গিসের হাতে তুলে দেন। তবে টাকা হস্তান্তরের পর প্রায় দেড় মাস ধরে নানামুখী টালবাহানা শুরু করেন তিনি।

​সম্প্রতি কার্ড হস্তান্তর না করেই নার্গিস ভুক্তভোগীদের কাছে আরও ৪ হাজার টাকা দাবি করেন। এতে ভুক্তভোগীদের সন্দেহ হলে তারা কৌশল অবলম্বন করেন। মঙ্গলবার বাকি টাকা পরিশোধের কথা বলে নার্গিসকে রায়েরবাজারে ডেকে আনা হয়। সেখানে তিনি পৌঁছামাত্রই স্থানীয়দের সহযোগিতায় তাকে পুলিশে দেওয়া হয়।

​অভিযোগের বিষয়ে ৭ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান বলেন, "সোমবার বিষয়টি আমাদের নজরে আসে। আমাদের নাম ভাঙিয়ে এই প্রতারণা করা হচ্ছিল বুঝতে পেরে ভুক্তভোগীদের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।" তবে ঘটনার পর থেকে ৩ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান আলমগীরের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

​ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা দায়েরসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF