Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : বিমানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, এমডির নির্দেশে দুই দিন ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত

বিমানে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, এমডির নির্দেশে দুই দিন ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত


​বিশেষ প্রতিনিধি:

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকরা। ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নির্দেশে পরবর্তী দুই দিনের জন্য ভবনটিতে সংবাদকর্মীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে কুর্মিটোলাস্থ বিমান সদরদপ্তরে (বলাকা) সংবাদ সংগ্রহে যাওয়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা নিরাপত্তাকর্মীদের বাধার সম্মুখীন হন। ভবনের সুরক্ষায় নিয়োজিত রক্ষীরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কোনো সাংবাদিককে ভবনের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।

​সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

​মহিউদ্দিন আহমেদ জানান, "এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন যাতে কোনো সাংবাদিককে ভেতরে আসতে দেওয়া না হয়।" এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের পরবর্তী ২ দিন অপেক্ষা করার অনুরোধ জানান।

​তবে হঠাৎ করে কী কারণে বিমান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ বন্ধ রাখা হলো—সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে তথ্য ও সংবাদ সংগ্রহের তথ্যপ্রবাহে এমন আকস্মিক নিষেধাজ্ঞায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কর্মরত সংবাদকর্মীরা।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF