Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত ভবনের জন্য বিধিমালা তৈরি হচ্ছে: গণপূর্ত মন্ত্রী

অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত ভবনের জন্য বিধিমালা তৈরি হচ্ছে: গণপূর্ত মন্ত্রী


​নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৭ অক্টোবর ২০২৬

​রাজধানীসহ সারাদেশে রাজউকের নকশার বাইরে বা প্ল্যান অনুমোদন না মেনে নির্মিত ভবনগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে একটি সুনির্দিষ্ট নতুন বিধিমালা প্রণয়ন করছে সরকার।

​বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘স্মার্ট সিটি কনক্লেভ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এ কথা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

​গণপূর্ত মন্ত্রী বলেন, “যারা নকশা বা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন অথবা অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ পরিচালনা করেছেন, তাদের সমন্বিত আইনি আওতায় আনতে নতুন বিধিমালা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।”

​নগরায়ণে স্বচ্ছতা নিশ্চিত করা ও নিয়ন্ত্রণ ভারসাম্য (চেক অ্যান্ড ব্যালেন্স) বজায় রাখার তাগিদ দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, গত সাত মাসে রাজউকের আদলে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর ও বরিশাল—এই ছয়টি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে বগুড়াতেও উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কাজ চলছে। সিটি করপোরেশন যেন নকশা অনুমোদন ও বাস্তবায়নের সব দায়িত্ব একা না সামলায়, সেজন্যই উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে সক্রিয় করা হচ্ছে।

​নকশা লঙ্ঘনের বাস্তব চিত্র তুলে ধরে জাকারিয়া তাহের বলেন, গুলশান ও বনানী এলাকার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ বহুতল ভবনে অনুমোদন পাওয়ার সময় সেপটিক ট্যাংক বা সোকওয়েল রাখার কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি। সরাসরি বর্জ্যের সংযোগ লেক ও স্যুয়ারেজ লাইনে দিয়ে দেওয়া হয়েছে। গুলশান, বনানী ও হাতিরঝিল লেকের স্বাভাবিক পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক বৈঠক করেছেন এবং স্থানীয় সোসাইটিগুলোর সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।

​ভবন নির্মাণ ও ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়ায় পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি জানান, এখন শুধু স্থাপত্য নকশা দেখে অনুমোদন দেওয়া হবে না। কাঠামোগত (স্ট্রাকচারাল) ও বৈদ্যুতিক নকশাসহ সব বিষয় পর্যালোচনার পর অনুমোদন মিলবে। পাশাপাশি নির্মাণ কাজ শেষে নকশাকারক বা ডিজাইনাররা সার্বিক সুরক্ষার প্রত্যয়নপত্র দেওয়ার পরেই কেবল ভবন ব্যবহারের 'অকুপেন্সি সার্টিফিকেট' প্রদান করা হবে।

​একইসঙ্গে নগর উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১০ বছর মেয়াদি একটি মেগা মাস্টার প্ল্যানের কাজ শুরু করার কথা জানান মন্ত্রী। প্রথম ধাপে প্রধান মেট্রোপলিটন শহরগুলোকে নিয়ে কাজ শুরু হলেও পর্যায়ক্রমে উপজেলা পর্যায় পর্যন্ত সঠিক মাস্টার প্ল্যানের আওতায় আনা হবে।

​উক্ত পলিসি কনক্লেভে টেকসই নগরায়ণ, আবাসন ও জ্বালানি খাতের ওপর আলোচনায় ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, বিএসএমএ সভাপতি ও ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানসহ খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF