স্টাফ রিপোর্টার:
রাজধানীর ব্যস্ততম মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এক দূরপাল্লার বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে প্রাইম পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা বাসের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বাসটি শেরপুর থেকে যাত্রী নিয়ে মহাখালী টার্মিনালে এসে পৌঁছায়। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গাড়িটি টার্মিনালে পার্ক করা অবস্থায় এর এসি ইউনিট থেকে আচমকা ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরের অংশে ছড়িয়ে পড়ে।
ঘটনার তাৎক্ষণিকতায় টার্মিনালে আতঙ্কের সৃষ্টি হলেও খবর পেয়ে বেলা ১টা ৪০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দক্ষতায় মাত্র ৬ মিনিটের মাথায় (১টা ৪৬ মিনিটে) আগুন নিয়ন্ত্রণে আসে এবং দুপুর ২টা ২ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, সম্ভাব্য কারণ হিসেবে বাসের বৈদ্যুতিক গোলযোগের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। সৌভাগ্যবশত, অগ্নিকাণ্ডের আগেই যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে বাসের একাংশ আগুনে পুড়ে গেছে।