Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক


চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীতে দেশের প্রথম পৃথক সাইকেল ট্র্যাক উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল ট্র্যাক শুক্রবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিক উদ্বোধনের পর নগরবাসী ও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

উদ্বোধনের আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাইকেল ট্র্যাকটির সার্বিক প্রস্তুতি ও নির্মাণকাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র।

চসিকের আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি চার লেনবিশিষ্ট। সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে পৃথক সাইকেল ট্র্যাক রাখা হয়েছে।

চসিক মেয়র বলেন, নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পৃথক সাইকেল লেন থাকায় সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি নগরীতে পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগও সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, সাইকেল চলাচলের জন্য পৃথক লেন থাকলে নগরবাসীর মধ্যে সাইকেল ব্যবহারের আগ্রহ বাড়তে পারে। এর ফলে একদিকে পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে, অন্যদিকে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতন ও সক্রিয় জীবনযাপনের প্রবণতাও বৃদ্ধি পাবে।

চসিক সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক উদ্বোধনের পর ট্র্যাকটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। এর মাধ্যমে চট্টগ্রাম নগরীতে নিরাপদ সাইকেল চলাচলের পাশাপাশি পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থার নতুন একটি দ্বার উন্মোচিত হবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF