খুলনা ব্যুরো:
খুলনা মহানগরীতে বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের নির্মম হামলার শিকার হয়েছেন জেলা ডিএসআইবি (গোয়েন্দা শাখা)-এর এক পুলিশ পরিদর্শক। এতে তার দুই হাতের কব্জি গুরুতর জখম হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে সদর থানাধীন খুলনা কলেজিয়েট স্কুলের সামনে এ নৃশংস ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তার নাম শাহ আলম (৪৩)। তিনি খুলনা জেলা পুলিশের 'এ' সার্কেলে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, রাতে বিশেষ ডিউটি শেষে রিকশায় করে নগরীর শান্তিধাম মোড়স্থ পুলিশ ক্লাবে ফিরছিলেন পরিদর্শক শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে।
ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কব্জির ওপর গভীর ক্ষত সৃষ্টি হয়।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে জোর পুলিশি অভিযান চলছে। পাশাপাশি মামলা দায়ের সহ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।