Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : কুমিল্লার স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, সিএনজিচালক আটক

কুমিল্লার স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, সিএনজিচালক আটক


​ক্রাইম রিপোর্টার, কুমিল্লা:

বাস কাউন্টার থেকে রেসকোর্সের বাসায় ফেরার পথেই ঘাতক সিএনজিচালকের খপ্পরে পড়ে প্রাণ হারাতে হলো কুমিল্লার ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫)। শর্টকাট রাস্তা দিয়ে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ ও পরে জুতো পায়ে মাথা চেপে ধরে নৃশংসভাবে হত্যা করে ঘাতক চালক সুমন মিয়া (৩৫)। শনিবার (১০ অক্টোবর) পুলিশের প্রেস ব্রিফিংয়ে লোমহর্ষক এই হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়।

​পুলিশ জানায়, গত ৮ অক্টোবর লালমাই উপজেলার ভোরালজগপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ ও লালমাই থানা পুলিশ যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে চট্টগ্রাম থেকে প্রধান অভিযুক্ত সিএনজিচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে জানা যায়, গত ৮ অক্টোবর সকালে পদুয়ার বাজার বিশ্বরোডের তিশা কাউন্টার থেকে ৩০০ টাকায় ভাড়া ঠিক করে রেসকোর্স যাওয়ার জন্য সিএনজিতে ওঠে তাজমিন। কিন্তু চালক সুমন রেসকোর্সের দিকে না গিয়ে চাঁদপুরগামী সড়ক ও বিজরা বাজার হয়ে একটি নির্জন ও অন্ধকার স্থানে অটোরিকশা থামায়। স্থানটি অপরিচিত দেখে ছাত্রীটি চিৎকার দিয়ে পালানোর চেষ্টা করলে সুমন তার গলে গামছা পেঁচিয়ে ধরে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ শেষে ধানক্ষেতে নিয়ে মাথা মাটিতে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। নৃশংস এই ঘটনার পর নিহতের আইফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সে।

​নিহত তাজমিনের পরিবার ও সহপাঠীদের মাঝে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF