Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : প্রগতি সরণিতে পুলিশের চেকপোস্টে বস্তাভর্তি মদ উদ্ধার: সিএনজিচালক গ্রেপ্তার

প্রগতি সরণিতে পুলিশের চেকপোস্টে বস্তাভর্তি মদ উদ্ধার: সিএনজিচালক গ্রেপ্তার


​বিশেষ প্রতিনিধি: রাজধানীর প্রগতি সরণিতে ট্রাফিক পুলিশের তৎপরতায় ভেস্তে গেছে বাংলা মদের একটি বড় চালান। চালককে গ্রেপ্তার করা সম্ভব হলেও কৌশলে সটকে পড়েছে চালানের মূল বহনকারী যাত্রী।

​শনিবার সকালে বাড্ডা জোনে পরিচালিত ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় রক্ষিত ১৪৪ বোতল দেশীয় মদসহ সিএনজি অটোরিকশাটি আটক করা হয়।

​ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে প্রগতি সরণিতে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন বাড্ডা ট্রাফিক জোনের সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী সিএনজি থামানোর জন্য সিগন্যাল দিলে ভেতর থেকে এক যাত্রী তড়িঘড়ি করে নেমে সটকে পড়ে। বিষয়টি দায়িত্বরতদের নজর কাড়লে তারা সঙ্গে সঙ্গে অটোরিকশাটি ঘিরে ফেলেন। পরবর্তীতে টিআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত তল্লাশিতে যানটির পেছন থেকে চালকসহ ৩টি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করা হয়।

​অভিযানের বিষয়ে টিআই দেলোয়ার হোসেন জানান, পালানো যাত্রীকে ধরার চেষ্টা করা হলেও তাকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি। তবে সিএনজিটি থেকে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে। অবৈধ এই মাদক চালানের মূল হোতাকে চিহ্নিত করতে কাজ চলছে।

​উল্লেখযোগ্য এই সফল অভিযানে টিআই দেলোয়ারের পাশাপাশি দায়িত্বরত ছিলেন সার্জেন্ট সজিব হোসেন, কনস্টেবল রফিকুল ইসলাম এবং নারী কনস্টেবল রেখা মল্লিক। আটককৃত চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF