নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের অন্যায্য গুলিবর্ষণে এক বাংলাদেশি কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর জবাবে সীমান্তে শক্ত অবস্থান নিয়ে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে জামালপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
আহত কৃষকের নাম সাহাজুল ইসলাম (৩৫)। তিনি স্থানীয় জামালপুর গ্রামের সাবাজ মণ্ডলের ছেলে। বিজিবি জানায়, নিজ জমিতে কৃষি কাজ করার সময় বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ছোঁড়া গুলিতে সাহাজুলের পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
এ ঘটনার পর সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে বিজিবি টহল জোরদার করে এবং আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করে। ৪৭ বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইখতেখার জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে।