Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ‘আমি আর কিছু চাই না, তোর কাছেই যাবো’— আকুতির পরও মাকে ফিরিয়ে দিল ছেলে

‘আমি আর কিছু চাই না, তোর কাছেই যাবো’— আকুতির পরও মাকে ফিরিয়ে দিল ছেলে

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধা মা ও ছেলের মধ্যকার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ব্যর্থ হয়েছে উপজেলা প্রশাসন। মা-বাবার ভরণপোষণ আইন ও সামাজিক অবক্ষয়ের বিষয়টি সামনে রেখে শুনানি করা হলেও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন ছেলে সাগর হোসেন (৩২)।

​উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাগর হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তাঁর মা মুন্নি খাতুন (৫৫) ও মামা। উক্ত অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সাঁথিয়া ইউএনও কার্যালয়ে এক শুনানির আয়োজন করা হয়।

​শুনানিকালে দেখা যায়, শারীরিক অসুস্থতায় ভোগা মুন্নি খাতুন ছেলেকে জড়িয়ে ধরে সঙ্গে নিয়ে যাওয়ার আকুতি জানালেও ছেলে সাগর তা প্রত্যাখ্যান করেন। সাগর জানান, তিনি মায়ের মাসিক খোরপোষ বহন করতে ইচ্ছুক, তবে তাঁকে নিজ পরিবারে সঙ্গে রাখা সম্ভব নয়।

​স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সাগরের বিয়ের পর থেকে শাশুড়ি-বউয়ের দ্বন্দ্বের কারণে এ সমস্যার সৃষ্টি। পূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মায়ের করা একটি অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে সাগরের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে স্থায়ী দূরত্বে রূপ নেয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ জানান, বৃদ্ধা মুন্নি খাতুন সরকারি বিভিন্ন ভাতা পান এবং তাঁর নামে জমিও রয়েছে, ফলে মূল সমস্যাটি আর্থিক নয়। আইনি ও সামাজিক চাপ দিয়ে তাৎক্ষণিক সমাধান না হওয়ায় আপাতত কাউন্সেলিংয়ের মাধ্যমে পরবর্তীতে মা-ছেলের মধ্যকার এই পারিবারিক দূরত্ব ঘোচানোর উদ্যোগ নেওয়া হবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF