Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : ভাইভা না দিয়েই বিএনপির সাবেক নেতার স্ত্রী নিয়োগের চূড়ান্ত তালিকায়

ভাইভা না দিয়েই বিএনপির সাবেক নেতার স্ত্রী নিয়োগের চূড়ান্ত তালিকায়


​বিশেষ প্রতিনিধি:

পরীক্ষায় অংশ না নিয়ে বা ভাইভা বোর্ডে উপস্থিত না হয়েও সরকারি কিংবা আধা-সরকারি প্রকল্পে চূড়ান্ত নিয়োগ তালিকাভুক্ত হওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাটোরের লালপুরে। ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে প্রার্থীর বয়স বেশি হওয়ায় ভাইভা বোর্ড থেকে ফিরিয়ে দেওয়া হলেও প্রকাশিত চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন স্থানীয় বিএনপি নেতার স্ত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী সোনিয়া খাতুন তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। তবে বিজ্ঞপ্তির শর্তানুসারে বয়সের নির্ধারিত সর্বোচ্চ সীমা (৪০ বছর) অতিক্রম করায় (এনআইডি অনুযায়ী বয়স ৪২ বছর) তাকে ভাইভা দিতে দেওয়া হয়নি।

​পরীক্ষা না দিয়েও নাম আসায় নিয়োগপ্রক্রিয়া ও প্রশাসনিক তদারকি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোদ ভুক্তভোগী প্রার্থী সোনিয়া খাতুন নিশ্চিত করেছেন যে, বয়সের কারণে পরীক্ষকেরা তার মৌখিক পরীক্ষা গ্রহণে অপারগতা প্রকাশ করেন এবং তিনি পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যান।

​তবে পরীক্ষা না দেওয়া এবং শর্ত অনুযায়ী অযোগ্য ঘোষিত প্রার্থীর নাম কীভাবে সমন্বিত ফলাফলের শীর্ষ তালিকায় এলো—সেই বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারছেন না সংশ্লিষ্ট সমাজসেবা দপ্তর। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি এড়িয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে জানানোর কথা বলেন।

​তবে বিষয়টি সহজভাবে দেখছে না উপজেলা প্রশাসন। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবীর হোসেন পুরো প্রক্রিয়ায় বড় কোনো ভুল বা অনিয়ম হয়েছে কিনা তা নিরপেক্ষ তদন্তের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে, নিয়ম লঙ্ঘন করে তালিকাভুক্ত হওয়ার বিষয়টি প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF