বিশেষ সংবাদদাতা:
দোকান থেকে মেমো কেটে এক লাখ পাঁচ হাজার টাকায় কেনা আইফোন ১৬ প্রো ম্যাক্স এখন ওই শিক্ষার্থীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মেমো ও ক্যাশ বক্স দেখানোর পরও ফোনটি নিয়ে গেছেন গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটু। এতেই শেষ নয়, মোবাইল ট্র্যাকিংয়ের ‘খরচ’ হিসেবে শিক্ষার্থীর পরিবার থেকে হাতিয়ে নেওয়া হয়েছে নগদ ১৭ হাজার টাকা।
ভুক্তভোগী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী আবুল হাসনাত আয়ান জানান, গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের 'অ্যাপেল হট' দোকান থেকে তিনি ফোনটি কেনেন। গত শনিবার বিকেলে এসআই মেহেদী হাসান তার শ্রীপুরের বাসায় গিয়ে ফোনটি এক নারীর চুরি হওয়া ফোন দাবি করেন।
শিক্ষার্থীর পরিবার থেকে মূল বিক্রেতাকে গ্রেফতার বা ওই দোকানে অভিযানের অনুরোধ জানানো হলেও পুলিশ সেদিকে না গিয়ে উল্টো শিক্ষার্থী আয়ানকেই গ্রেফতারের ভয় দেখায়। পরে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা তাকে ১৭ হাজার টাকা প্রদান করেন।
ঘটনার দায় স্বীকার করে এসআই মেহেদী হাসান চুরির মামলার তদন্ত সূত্রে ফোন উদ্ধারের কথা বললেও, ঘুষের টাকা নেওয়ার বিষয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। এমনকি নিজেকে প্রভাবশালী নেতার স্বজন পরিচয় দিয়ে সাংবাদিক ও ভুক্তভোগীকে চাপ সৃষ্টির চেষ্টা চালান।
পুলিশের এই আর্থিক লেনদেনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি স্পষ্ট জানান, মোবাইল উদ্ধারে বা ট্র্যাকিংয়ের কথা বলে টাকা নেওয়ার কোনো আইনি বিধান নেই। অভিযোগের সত্যতা প্রমাণ হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অসাধু উপায়ে তল্লাশি ও ঘুষ গ্রহণের ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। তারা ফোন ফেরতসহ অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।