আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে ফের বড় ধরনের শঙ্কার মেঘ দেখা দিয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের সম্ভাব্য বিমান হামলাকে কেন্দ্র করে সৌদি আরবের মূল অর্থনৈতিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা সর্বাত্মক হামলার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
মঙ্গলবার এক জরুরি ঘোষণায় হুথিরা স্পষ্ট ভাষায় জানায়, সানায় সৌদি হামলা বাস্তবায়িত হলে তার জবাব দেওয়া হবে সরাসরি সৌদি আরবের মূল ভূখণ্ডে। তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে বিশ্বখ্যাত তেল কোম্পানি ‘আরামকো’র দাম্মাম সদর দফতর, রাজধানী রিয়াদের আরামকো শোধনাগার এবং দেশের অন্যতম প্রধান সংযোগস্থল ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’। হামলা চলাকালীন বেসামরিক প্রাণহানি এড়াতে সাধারণ মানুষকে এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সংগঠনটি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রা নিয়েছে। শনিবার রিয়াদ বিমানবন্দরে রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ হতাহত হওয়ার পর সৌদি জোট সামরিক নীতি আরও কঠোর করার ঘোষণা দেয়। এরপর থেকেই সানা লক্ষ্য করে বড় ধরনের বিমান অভিযানের প্রস্তুতি নিচ্ছিল জোটটি।
অন্যদিকে, সংঘাতের ধারা বজায় রেখে আজ সকালেও রিয়াদে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে হুথিরা, যা সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে নস্যাৎ করে দেয় বলে জানান জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা বড় ধরনের বিমান হামলার হুমকিতে ওই অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।