Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ: ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নের দাবি

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ: ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নের দাবি


​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

‘কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কৃষি শ্রমিক সমাবেশ ২০২৬’।

​বুধবার (১৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে এলাকার বিপুলসংখ্যক কৃষি শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সদর উপজেলা কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাঃ মনিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ গোলাম রব্বানী।

​প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম রব্বানী দেশের কৃষি উৎপাদন ও জাতীয় অর্থনীতিতে কৃষি শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে বলেন, "কৃষি শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে কৃষি শ্রমিকদের ভূমিকা অপরিসীম। অথচ তারা আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।" তিনি অবিলম্বে কৃষি শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, ন্যায্য মজুরি প্রদান এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুজার গিফারী, সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সবুর, জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক এবং বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের পৌর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

​বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুজার গিফারী বলেন, কৃষি ও অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও কৃষি শ্রমিকরা সমাজে অবহেলিত। তাদের সামাজিক মর্যাদা ও ন্যায্য পাওনা প্রতিষ্ঠার পাশাপাশি জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

​সমাবেশে বক্তারা কৃষি শ্রমিকদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ, সুনির্দিষ্ট মজুরি কাঠামো তৈরি এবং আর্থিক ও সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর জোর দাবি জানান।

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF