নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার রাতে ওই এলাকায় চালানো হয় এক সাঁড়াশি চিরুনি অভিযান।
পুলিশ সূত্র জানায়, অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং চাঁদাবাজি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল প্রতিরোধে পল্লবীর কথিত কিশোর গ্যাংয়ের প্রধান আশিকের বাড়িসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বাসা তল্লাশি করে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানিয়েছেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।