Logo
প্রিন্টের তারিখ: 29 November 2026 | প্রকাশের তারিখ: Nov 29, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর উদ্বেগজনক বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ১১২, পরিচ্ছন্নতায় জোর দেওয়ার তাগিদ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর উদ্বেগজনক বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ১১২, পরিচ্ছন্নতায় জোর দেওয়ার তাগিদ


​বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। নতুন আক্রান্তের পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বজায় রয়েছে। বছরের শুরু থেকে ১৬ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮০ জনে, যার মধ্যে ৩ জনের প্রাণহানি ঘটেছে।

​সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে জেলায় ৩৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে জেলা সদর হাসপাতালেই সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছেন, যেখানে এক দিনেই ৩৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন রোগী। এর মধ্যে সিংহভাগই জেলা সদর হাসপাতালে (৭৭ জন) চিকিৎসা নিচ্ছেন।

​হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানান, প্রতিদিন সুস্থ হয়ে রোগী বাড়ি ফিরলেও নতুন রোগীর আগমনে চাপ কমছে না। গত ২৪ ঘণ্টায় ৪৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও একজন রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

​স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার কোনো বিকল্প নেই। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, “জেলায় আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে হলে প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ির আঙিনায় ও আশপাশে জমানো পানি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়া মাত্রই নিকটস্থ হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।”

দৈনিক জাগ্রত সময়
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF