অনলাইন ডেস্ক:
অন্যায়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কলম ধরাই কি কাল হলো সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের? নেত্রকোনায় দিনদুপুরে কিংবা রাতের আঁধারে একের পর এক আক্রমণের শিকার হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো এই কলম সৈনিককে। আলিফ হত্যার ন্যায়বিচারের দাবিতে এখন উত্তাল দেশের গণমাধ্যম অঙ্গন।
২০২৫ সালের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর ঘাটে চাপাতি দিয়ে হামলার শিকার হয়েছিলেন আলিফ। কিন্তু সেই ঘটনার সময়োপযোগী বিচার বা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায়, প্রায় ১১ মাস পর ১৫ অক্টোবর রাতে তাঁকে গুলি করে হত্যা করতে সক্ষম হয় দুর্বৃত্তরা। আগের হামলায় জড়িতদের শনাক্ত ও বিচার হলে কি এই হত্যাকাণ্ড এড়ানো যেত?—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সহকর্মী ও পরিবারসহ গোটা সাংবাদিক সমাজের মনে।
সাংবাদিক নেতৃবৃন্দ বলছেন, একজন মফস্বল সাংবাদিক হোক বা কোনো আইপি টিভির প্রতিনিধি—রাষ্ট্রের দায়িত্ব সবার নিরাপত্তা নিশ্চিত করা। এভাবে সাংবাদিকদের কলম থমকে গেলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথও রুদ্ধ হয়ে যাবে।
‘দৃশ্যমান অগ্রগতি না হলে কলম বিরতি ও লংমার্চ’
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সাফ জানিয়ে দিয়েছেন, “আমরা আর নীরব থাকব না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নতুবা মফস্বল থেকে শুরু করে সারা দেশে মানবব্ন্ধন, সমাবেশ, কলম বিরতি এমনকি লংমার্চের মতো কঠোর কর্মসূচি পালনে বাধ্য হব।”
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের হত্যাকাণ্ডে স্থানীয় থানা ও জেলা পুলিশ প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সিনিয়র সাংবাদিক শাফায়েত হোসেনসহ অন্যান্য সহকর্মীরা। তাঁরা জানান, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আইনসম্মত আন্দোলন অব্যাহত থাকবে।
একই সঙ্গে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক সাংবাদিকের জীবনহানি বন্ধে অনতিবিলম্বে কার্যকর ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করার জন্য সরকারের প্রতি দাবি তোলা হয়েছে।