গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সফিপুরে অবস্থিত ইবনে সিনা ওষুধ কারখানার একটি অংশে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আগুনের শিখা দেখে কারখানার ভেতরে থাকা শ্রমিক ও কর্মচারীরা আতঙ্কে দ্রুত নিরাপদে বাইরে বেরিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানায়, সংবাদ পাওয়ার পরপরই কালিয়াকৈর ও পার্শ্ববর্তী স্টেশন থেকে ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন ছড়িয়ে পড়া রোধ করতে এবং তা নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ এবং এতে আনুমানিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এছাড়া অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ আটকা পড়েছেন কি না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
(ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া মাত্র প্রতিবেদনটি আপডেট করা হবে...)