বিশেষ প্রতিনিধি
রাজধানীতে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের সৃষ্টি করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মন্ত্রিসভার সদস্য ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের আচরণ, শৃঙ্খলা ও জবাবদিহির বিষয়ে প্রধানমন্ত্রী এক স্পষ্ট ও কঠোর বার্তা দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নীতিনির্ধারকেরা।
গতকাল রোববার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের এই নির্দেশ দেওয়া হয়।
শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় সহযোগী ও অস্ত্রসহ ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অস্বস্তিতে পড়ে বিএনপি ও সরকার। বিএনপির এক জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, "ঘটনাটি কোনো একক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। একজন প্রতিমন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের দায় পুরো মন্ত্রিসভার ওপর পড়ে, যা প্রধানমন্ত্রীসহ পুরো সরকারকেই অস্বস্তিতে ফেলেছিল।"
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন প্রশাসনিক সংস্কার ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে রাজধানীজুড়ে আকস্মিক পরিদর্শন শুরু করেছেন, ঠিক তখনই একজন প্রতিমন্ত্রীর এমন আচরণে সরকারের মূল এজেন্ডা ঢাকা পড়ে যাচ্ছিল। আইন নিজের হাতে তুলে নেওয়া বা ব্যক্তিকেন্দ্রিক শো-অফের সংস্কৃতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই দ্রুত পদক্ষেপ নির্দেশ করে যে—পদের সুবিধাকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি বা সরকারকে বিব্রত করার সুযোগ কাউকেই দেওয়া হবে না।
ইশরাক হোসেনের পদত্যাগের এই ঘটনা সরকারের অন্য সদস্যদের জন্যও এক বড় সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।