শরীয়তপুর থেকে:
শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক রূপালী বাংলাদেশ-এর নড়িয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক এবং দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মাহবুব আলমকে যুগ্ম আহ্বায়ক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নড়িয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় কার্যনির্বাহী কমিটির এক-তৃতীয়াংশ সদস্য ও সাধারণ সদস্যরা কণ্ঠভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
নবগঠিত কমিটিতে আরও দুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে— রকি আহমেদ (দেশকাল) এবং ইলিয়াছ মাহমুদ (বাংলাভিশন)।
কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বোরহান উদ্দিন রাব্বানী (দৈনিক নয়া দিগন্ত), জিয়াউল হক টিটু (বাংলাদেশ সমাচার), জামাল হোসেন (আনন্দ টিভি), এম. এ. জব্বার (সংবাদের পাতা), রাব্বি ছৈয়াল (দৈনিক ইনকিলাব), এস. এম. জীবন রায়হান (ইনফো বাংলা) ও ফয়জুল হাসান (সময়ের আলো)।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গঠিত পূর্ববর্তী কমিটির সভাপতির পারিবারিক কারণে পদত্যাগ এবং কমিটির দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।
দায়িত্ব পাওয়ার পর কমিটির নেতারা জানান, তারা দ্রুততম সময়ের মধ্যে ক্লাবের সার্বিক গঠনতন্ত্র প্রণয়ন, সাধারণ সদস্য তালিকা হালনাগাদ এবং একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাবেন।